কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, “শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”
ডা. শফিকুর রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর একজন দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে দেশটি শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।
তিনি আরও বলেন, ২০১৩ সালে নিজের ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান ও দরদী নেতাকে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদানও স্মরণীয়।
তিনি বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও কাতারের জনগণের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।