ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘অরেটরস এজ ২.০’-এর চূড়ান্ত পর্ব।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. সাগর উদ্দীন।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী আশকা আলম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনির বেপারী।
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, গঠনমূলক চিন্তাভাবনা ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। তিনটি ধাপে অনুষ্ঠিত হয় এবারের ‘অরেটরস এজ ২.০’।
প্রথম ধাপে অনলাইনে যেকোনো বিষয়ের ওপর ভিডিও জমা দেওয়ার মাধ্যমে শুরু হয় বাছাই পর্ব। বাছাই শেষে ২১ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের সেমিফাইনাল। এ পর্বে লটারির মাধ্যমে তাৎক্ষণিকভাবে নির্ধারিত বিষয়ের ওপর উপস্থিত বক্তৃতা দেন প্রতিযোগীরা।
সেমিফাইনালে মেধা, স্বতঃস্ফূর্ততা ও বাচনভঙ্গির দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সেরা ১০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে জায়গা করে নেন। গ্র্যান্ড ফিনালেতে এই ১০ প্রতিযোগী তাঁদের পূর্বনির্ধারিত বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন।
চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের এইচআর ও অ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আরেফিন রহমান, গ্রামীণফোন লিমিটেডের ময়মনসিংহ সার্কেলের প্রোডাক্ট ও প্রজেক্ট লিড জাহিদুল ইসলাম এবং সিসিআই বাংলাদেশের অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট (ইনভেন্টরি কন্ট্রোলার) মো. হাবিবুর রহমান।
বিচারকেরা প্রতিযোগীদের বক্তব্যের বিষয়বস্তু, আত্মবিশ্বাস, উপস্থাপনার ধরন ও মঞ্চে উপস্থিতির ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করেন।
আয়োজক সংগঠন জাককানইবি মার্কেটিং ক্লাবের সভাপতি মো. তানভীর আহাম্মেদ বলেন, “শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও কথা বলার জড়তা কাটানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। অভিজ্ঞ বক্তা হোক বা প্রথমবারের মতো মঞ্চে ওঠা কেউ, সবার জন্যই এটি ছিল নিজেদের প্রমাণ করার দারুণ একটি প্ল্যাটফর্ম।”