মুন্সীগঞ্জ প্রতিনিধি
সাভারের আমিনবাজারে পুলিশের এসবি শাখার এসআই আলতাফ হোসেন (৫৮) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় চার অভিযুক্তকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)। তাদের সবার বাড়ি সাভারের আমিনবাজার এলাকায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
র্যাব-১০-এর অধিনায়ক জানান, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৭টার দিকে র্যাবের একটি চৌকস দল মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই আলতাফ হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এজাহারনামীয় ওই চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আপন সাভার থানার তিনটি মাদক মামলার আসামি।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে আমিনবাজারের বরদেশী এলাকায় একটি প্রাইভেটকারের চালক ও তার কয়েকজন সহযোগী একজন অটোরিকশা গ্যারেজের মালিককে মারধর করেন। এর প্রতিবাদ করাকে কেন্দ্র করে এসআই আলতাফ হোসেন হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।