সরকারের বিরুদ্ধে আংশিক সংস্কারের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।
বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের সময় বিরোধীদল সংসদ থেকে বেরিয়ে যায়। রাত ৮টা ৬ মিনিটে তারা ওয়াকআউট করে।
এর আগে সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর আইনপ্রণয়ন কার্যক্রম শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি নিয়ে বক্তব্য দেন।
তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে সরকারের সংস্কার কার্যক্রমের ধরন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পরে বৃহস্পতিবার উত্থাপনের জন্য নির্ধারিত জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপন পর্বে বিরোধীদলের সদস্যরা অংশ নেবেন না বলে জানান ডা. শফিকুর রহমান। এরপরই বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। নিয়ম অনুযায়ী, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়। এগুলো অনুমোদন বা অননুমোদনের শেষ সময় ছিল ১০ এপ্রিল।
নির্ধারিত সময়ে ১৬টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হয়নি। ফলে সেগুলো কার্যকারিতা হারায়। এ ছাড়া সাতটি অধ্যাদেশ রহিতকরণ বিলের মাধ্যমে বাতিল করা হয়।
গুম প্রতিরোধ, পুলিশ কমিশন এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ নির্ধারিত সময়ে বিল আকারে আনা হয়নি এমন ১৬টি অধ্যাদেশ আরও যাচাই-বাছাই করে নতুন বিল আনার কথা জানিয়েছিল সরকার। এর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশও রয়েছে।