বিরোধী দলগুলো সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নের পাশাপাশি গত ছয় মাসে তারা কী ধরনের গুজব, অপতথ্য ও প্রপাগান্ডা ছড়িয়েছে, তারও মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু এমন দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ জানাননি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জামায়াতের নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছেন। একই সঙ্গে ধর্মীয় পরিচয় ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচারের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
এনসিপির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘নতুন বন্দোবস্তের দল’ হিসেবে পরিচিত দলটি জামায়াত নেতৃত্বাধীন জোটে যাওয়ার পর একই ধরনের অপতথ্য প্রচারের চর্চা করছে। তার দাবি, এনসিপির নেতাদের বক্তব্যেও নিয়মিতভাবে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য পাওয়া যায়।
রাশেদ খাঁন আরও বলেন, এনসিপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে। তবে তাদের বক্তব্যও হামিদুর রহমান আজাদের বক্তব্যের মতোই অপতথ্যনির্ভর বলে অভিযোগ করেন তিনি।
তার মতে, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন যেমন প্রয়োজন, তেমনি গত ছয় মাসে বিরোধী দলগুলো কী ধরনের গুজব, প্রপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও পৃথক মূল্যায়ন হওয়া দরকার।