আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে তৈরি হওয়া ‘ডিসেম্বরের হাইপ ও ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আপা (শেখ হাসিনা) নাকি ডিসেম্বরে লীগের (আওয়ামী লীগ) পলাতকদের দেশে ফিরতে বলবে না। মূলত, তাদেরকে বললেও কেউ আসত না।’
তিনি আরও লেখেন, ‘৫ আগস্ট কীভাবে পরিবারের সবার পালানো নিশ্চিত করে বাকিদের ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে চড়েছিলেন, এটা কোনোমতে জান বাঁচিয়ে পালানো নিষিদ্ধ লীগের নেতাদের ভালো মতোই মনে আছে।’
এরপর শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে এনসিপির এই নেতা লেখেন, ‘ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ!’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
এদিকে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমি কোনো নির্দেশনা কাউকে দিচ্ছি না। তবে দেশে-বিদেশে আমাদের সমর্থক-নেতাকর্মী যারা যেখানেই আছেন, তারা তাদের ইচ্ছা পোষণ করছে। তারাও প্রস্তুতি নিচ্ছে, তারাও আমার সঙ্গে যেতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমি নির্দেশনা দিয়ে কাউকে তো বিপদে ফেলতে পারি না, কিন্তু যারা মনে করবেন যেতে চায়, তারা যাবে।’