আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর সদরঘাটে দেখা গেছে ঈদের মতো জনস্রোত। জীবনের প্রথমবার নিজের ভোট নিজে দিতে পারার আশায় শত কষ্ট উপেক্ষা করে গ্রামে ফিরছেন হাজারো মানুষ। বাস সংকট, অতিরিক্ত ভাড়া ও দীর্ঘ অপেক্ষার পর অনেকেই শেষ ভরসা হিসেবে লঞ্চে করে বাড়ির পথে রওনা হচ্ছেন।
সন্ধ্যায় সদরঘাটে কথা হয় পটুয়াখালীগামী সবজি বিক্রেতা সোহেল আহমেদের সঙ্গে। স্ত্রী ও মাকে নিয়ে সকাল থেকে চেষ্টা করেও বাসের টিকিট না পেয়ে শেষ পর্যন্ত লঞ্চে উঠেছেন তিনি। সোহেল জানান, ২০১১ সালে ভোটার হলেও কখনো ভোট দিতে পারেননি। ২০১৪ সালে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। এবার নিজের ভোট নিজে দিতে পারবেন—এই আশাই তাকে বাড়ি যেতে বাধ্য করেছে।
একই অনুভূতি বরিশালগামী লাইলি আক্তারের। তিনি বলেন, জীবনে প্রথম ভোট দেবেন বলে আগেভাগেই অফিস থেকে ছুটি নিয়ে বের হয়েছেন। ভোলাগামী চাকরিজীবী রাজিব আহসান মনে করেন, দীর্ঘদিন ভোট দিতে না পারার ক্ষোভ থেকেই এবার মানুষের মধ্যে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।
এদিকে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় লঞ্চ টার্মিনালে বেচাকেনাও বেড়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় দ্বিগুণ লঞ্চ চালানো হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারি রাখা হয়েছে।
নিজের ভোট নিজে দেওয়ার এই প্রত্যাশাই যেন এবার মানুষের যাত্রাকে ঈদের আনন্দের চেয়েও বড় করে তুলেছে।