জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। তেলের দাম বাড়ার পর পণ্য পরিবহনে ট্রাকভাড়া পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে আমদানিকারক ও পরিবহন ব্যবসায়ীদের খরচ বাড়ার পাশাপাশি বন্দরে ট্রাক সংকট ও পণ্যজট তৈরি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দরের বড় আঁচড়া গেট এলাকায় সারি সারি কার্গো ট্রাক দেখা যায়। ব্যবসায়ীরা জানান, আগে ঢাকা রুটে ট্রাকভাড়া ছিল ১৮ থেকে ২০ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে ২৫ থেকে ২৬ হাজার টাকায় পৌঁছেছে। চট্টগ্রাম রুটে ভাড়া ২৭-২৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫-৩৬ হাজার টাকা।
গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটেও কয়েক হাজার টাকা করে ভাড়া বেড়েছে। পরিবহন ব্যবসায়ীদের আশঙ্কা, বাড়তি পরিবহন ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত পণ্যের বাজারদরেও পড়তে পারে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগে বেনাপোল দিয়ে প্রতিদিন সাড়ে চার শ থেকে পাঁচ শ ট্রাক আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করলেও গত কয়েক দিনে তা উল্লেখযোগ্যভাবে কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি পাম্পে চাহিদামতো জ্বালানি না পাওয়া, টায়ার-যন্ত্রাংশ ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আমদানি-রপ্তানি বাণিজ্য ও বন্দরের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।