নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডোমার পৌর এলাকার ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার মো. হামিদুল ইসলামের ছেলে। তিনি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট পড়াশোনা শেষে আশিক মিয়া নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আসগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
মাত্র ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।