যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এ মতবিনিময় হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের ব্যক্তিগতভাবে কথা হয়। এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
এর আগে জাতিসংঘের অধিবেশনে ড. খলিলুর রহমান বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার এবং আরও প্রতিনিধিত্বশীল আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অবস্থান করছে। অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা।