বাংলাদেশে সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর হুমকি গুরুতর এবং তা কোনোভাবেই অবহেলা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোর নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের সময়ে দেশকে চরমপন্থীদের ঘাঁটিতে পরিণত হওয়া থেকে ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল।
তিনি বলেন, নাগরিক স্বাধীনতা রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, কার্যকর গোয়েন্দা তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা এবং উগ্রবাদ প্রতিরোধে সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শেখ হাসিনার ভাষ্য, উগ্রবাদী নেটওয়ার্ক ও মতাদর্শ কোনো একটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে বিচ্ছিন্ন না করে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের হুমকি মোকাবিলা করা উচিত।
সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথাও জানান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা ওই রায় প্রত্যাখ্যান করেছেন।