ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ককটেল কিংবা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। দেশে নতুন করে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নয়ন।
অতীতের রাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পল্টন ময়দানে একসময় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এরপরও তারা রাজপথ ছেড়ে যাননি।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল নিক্ষেপসংক্রান্ত একটি মন্তব্যের জবাবে নয়ন বলেন, “ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখাবেন না।” তিনি দাবি করেন, যুবদলের নেতাকর্মীরা অতীতে কামান, চায়না রাইফেল ও একে-৪৭ রাইফেলের গুলির মুখোমুখি হয়েছেন।
যুবদল শৃঙ্খলা বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে নয়ন নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করার কথা বলেন তিনি।