ইতিহাস আড়াল ও বিকৃতির ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো তফাত নেই বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তার মতে, নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, দুই দলই ইতিহাসকে নিজেদের মতো করে উপস্থাপনের প্রতিযোগিতায় নেমেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরতে গিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা অনেক নেতার ভূমিকা আড়াল করা হয়েছে।
তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় চার নেতা, জেনারেল ওসমানী ও জিয়াউর রহমানসহ বিভিন্ন ব্যক্তির অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে দাবি করেন।
বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে সোহেল তাজ বলেন, ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে পরিবর্তন আসবে বলে মানুষের প্রত্যাশা থাকলেও পাঠ্যপুস্তকে আবারও ভিন্ন ধারায় ইতিহাস আড়াল ও বিকৃতি শুরু হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে ইতিহাস তুলে ধরা রাষ্ট্রের দায়িত্ব।