জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক—এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্ব, দেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন প্রকল্প এবং জ্বালানি খাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তেল ও গ্যাসের সরবরাহ এবং বৈশ্বিক সাপ্লাই চেইনে বিঘ্নের কারণে বাংলাদেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করা হয়।
আমির খসরু বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করা হবে। জ্বালানি সরবরাহ ও বহির্বিশ্বের অর্থনৈতিক চাপ মোকাবিলায় প্রতিষ্ঠানটি বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
এর আগে জাতিসংঘ মহাসচিবের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিশ্বব্যাংক প্রেসিডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি।