রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
মঙ্গলবার বিকেল ৪টায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়। এরপর নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শুরুর আগে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপার মঙ্গলবারই প্রস্তুত করা হবে। ব্যালট পেপারের দুটি অংশ থাকবে—মুড়ি অংশ ও মূল ব্যালট। মুড়ি অংশে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম, বিভক্তি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। নির্ধারিত স্থানে পূর্ণ নাম ও স্বাক্ষর দিয়ে সংসদ সদস্যরা ব্যালট সংগ্রহ করবেন।
মূল ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা পূর্ণ নাম ও স্বাক্ষর করে ভোট দেবেন। পরে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।
আখতার আহমেদ জানান, বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট শেষ হওয়ার পর সংসদকক্ষেই ব্যালট গণনা করা হবে এবং সেখানেই নির্বাচনী কর্তা ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ব্যালট পেপারের রং হবে সাদা, যার ওপর কালো রঙে প্রিন্ট থাকবে।