সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় ফেইথ ইন অ্যাকশন (FIA)-বাংলাদেশের বাস্তবায়নে এবং কাইন্ডার নট হিলফে (KNH)-জার্মানীর সহযোগিতায় পরিচালিত ‘মুক্তির জন্য রূপান্তর’ (C4R) প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান (Project Graduation and Handover Ceremony) অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কয়রা উপজেলা পরিষদ সংলগ্ন আনসার ভিডিপি ট্রেনিং রুমে এই সমাপনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেইথ ইন অ্যাকশন, বাংলাদেশের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেইথ ইন অ্যাকশন, বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তিমন বাড়ৈ।
প্রধান অতিথির বক্তব্যে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, “বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’ দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, টেকসই সমাজ গঠন ও শিশু সুরক্ষায় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অর্জিত সাফল্য ও ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় কমিটি ও জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকাভিত্তিক যেকোনো উন্নয়ন ও মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে প্রকল্পের অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ‘মুক্তির জন্য রূপান্তর’ (C4R) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জাহান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি. এম. তানভীর আলম এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা প্রকাশ মল্লিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি কাজী দ্বীন মোহাম্মদ, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, কোহিনু আলম সহ বিভিন্ন জনসংগঠন ও শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং প্রকল্পের কর্মীবৃন্দ।