মাসুম হোসেন , (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে করোতোয়া নদীতে গোসলের সময় ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাচ্চু প্রামাণিক (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পশ্চিমপাড়া গ্রামের করতোয়া নদীতে। ভুক্তভোগী কিশোরী স্কুলছাত্রী ওই গ্রামের মৃত সাইদি হোসেনের মেয়ে সে স্থানীয় হাবিবুল্লাহরনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত বাচ্চু প্রামাণিক একই গ্রামের মৃত শহিদ প্রামাণিকের ছেলে, সে পেশায় কৃষক।
রাত আনুমানিক ১১টায় সরেজমিনে ওই গ্রামে গেলে ভুক্তভোগী কিশোরী ও তার দাদি অভিযোগ করে বলেন, বিকেলে স্কুল থেকে ফিরে সে একা প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী করতোয়া নদীতে গোসল করতে যায়। এসময় অভিযুক্ত বাচ্চু তাকে একা পেয়ে নদীতে নেমে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীটি আত্মরক্ষার চেষ্টা ও কান্নাকাটি শুরু করে।
এসময় হাঠাৎই বাচ্চুর ছেলে নদীর তীরে উপস্থিত হলে সে কিশোরীটিকে ছেড়ে দিলে ভুক্তভোগী কিশোরী দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে মেয়েটির দাদা অভিযুক্তের বাচ্চুর বাড়িতে গেলে সে মেয়েটির দাদার কাছে ক্ষমা চায়।
এই বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বাচ্চুর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, এসময় তার স্ত্রী দাবি করেন অসাবধানতাবশত দুজনের শরীরে ধাক্কা লেগেছে। তাই আমার স্বামী মেয়েটির দাদার কাছে ক্ষামা চেয়েছে।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।