মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলায় একটি পাহাড়ি খাদ থেকে মোটরসাইকেলসহ দুই পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বগা লেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন মো. জামির উদ্দিন (৩১) ও রোকাইয়া আক্তার (৩০)। এর মধ্যে রোকাইয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার রাজপুর গ্রামের চুন্নু গাজীর মেয়ে। তিনি ঢাকার লালবাগ এলাকায় থাকতেন। মো. জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মনিকা গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলা সদর থেকে পর্যটকদের ১০ সদস্যের একটি দল কেওক্রাডং সড়ক দিয়ে বগা লেকে যান। তাঁদের সঙ্গে মোহাম্মদ ইসমাইল নামের একজন ট্যুর গাইডও ছিলেন। পরে তাঁরা রুমার উদ্দেশে যাত্রা শুরু করেন। পর্যটক দলের বাকি আটজন রুমায় পৌঁছালেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তারকে পাওয়া যায়নি। পরে ট্যুর গাইড বিষয়টি স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে জানান। এরপর খোঁজাখুঁজি করে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলসহ তাঁদের দুজনের লাশ পাহাড়ি খাদে পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।
রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।