জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফোন করে তাকে ‘সব ফাঁস করে দেওয়ার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, যেন তিনি তার বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন। একই সঙ্গে পাটওয়ারীও তার বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না বলে জানান বলে দাবি করেন রাশেদ।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, তিনি পাটওয়ারীকে বলেন—প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, পাটওয়ারী তখন জানান, তিনি এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।
তবে রাশেদ খাঁন দাবি করেন, ওই রাতেই নাসীরুদ্দীন পাটওয়ারী আবার তাকে ফোন করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রকাশ করার কথা বলেন। রাশেদের অভিযোগ, ফোনে পাটওয়ারী তার বিরুদ্ধে আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন।
রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, তিনি পাটওয়ারীকে বলেন, তার কাছে থাকা তথ্য-প্রমাণ প্রকাশ করে দিতে। একই সঙ্গে তিনি দাবি করেন, তিনি নাহিদ ও আসিফের কাছ থেকে কোনো অর্থ নেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, পাটওয়ারীর ফোন পাওয়ার পর তিনি মনে করেছিলেন, হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে পরদিন আবারও আগের মতো বক্তব্য দেওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তিনি আর কোনো বক্তব্য দেবেন না। নিজের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, তিনি কিছুদিন নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।