মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (৩১ জুলাই) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, র্যালি ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
মীর সরফত আলী সপু বলেন, বর্ষা মৌসুমে প্রতিবছরই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না; সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, বিএনপি নেতা নুরুজ্জামাল শিকদার, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসীম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।