বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, বর্তমান সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, ‘সরিষার মধ্যেই ভূত আছে, তাই সেই ভূত বর্তমান সরকার তাড়াতে পারবে না।’
শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির এক জ্যেষ্ঠ নেতাও সম্প্রতি বলেছেন, পাঁচ মাসে সরকারের আমলে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটা আমার কথা নয়। তার ভাষ্যমতে, একজন ছাড়া সবাই দুর্নীতিতে জড়িত, আর সেই একজন হলেন তারেক রহমান।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন এবং তিনি দুর্নীতি না চান, তাহলে সবাই কীভাবে দুর্নীতিতে জড়ায়? আমরা তো দেখি, তার নির্দেশেই সবকিছু পরিচালিত হয়। তাহলে তার নির্দেশে দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন?’
জামায়াত আমির আরও বলেন, সরকার যখন নিজেই বিভিন্ন ব্যর্থতার কথা স্বীকার করছে, তখন তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে। তার দাবি, ‘নৈতিক দিক থেকে এই সরকার দেশ পরিচালনার অধিকার হারিয়েছে।’
তিনি আরও বলেন, এসব বিষয় কোনো গোপন তথ্য নয়; সংশ্লিষ্ট নেতারা নিজেরাই সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন এবং সেখান থেকেই সরকারের বর্তমান অবস্থার চিত্র ফুটে উঠেছে।
২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর কার্যক্রম নিষিদ্ধ করার প্রসঙ্গ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তৎকালীন সরকার অন্যায়ভাবে দলটিকে নিষিদ্ধ করেছিল। তবে সময়ের ব্যবধানে আজ সেই সরকারই নিষিদ্ধ অবস্থায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, ইতিহাসে স্বৈরশাসকদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন খাতে অনিয়মের মাধ্যমে কর্মসংস্থানের নামে ভিন্ন চিত্র তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।