বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, বিভিন্ন ব্যর্থতার কথা স্বীকার করার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি হারিয়েছে। তিনি সরকারের প্রতি দুর্নীতি ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের আহ্বান জানান।
সরকারের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, যদি প্রধানমন্ত্রী দুর্নীতি না চান, তাহলে প্রশাসনে দুর্নীতি কীভাবে অব্যাহত থাকে—এ প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি দুর্নীতি ও চাঁদাবাজি দমনে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে দেশের জনগণও সেই প্রচেষ্টায় সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে সরকার পরিচালিত হলে জনগণ তার জবাব দেবে।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ওই আন্দোলনে শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দাবি, জাতিসংঘের হিসাব অনুযায়ী আন্দোলনে নিহতদের মধ্যে শ্রমিকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। তিনি জুলাইয়ের শহীদ ও আন্দোলনে অংশগ্রহণকারীদের যথাযথ সম্মান নিশ্চিত করার আহ্বান জানান।
ভোটাধিকার ও গণরায়ের বিষয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রায়কে সম্মান জানানো উচিত। জনগণের মতামত উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।