নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, রাজনৈতিক চাপ বা হুমকি দিয়ে অল্প সময়ের মধ্যে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি দাবি করেন, সরকারকে দ্রুত বিদায় করার যে কোনো ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতার বক্তব্যে অল্প সময়ের মধ্যে সরকারকে বিদায় করার কথা বলা হয়েছে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন অল্প সময়ের মধ্যে সরকারকে বিদায় করে দেবেন, তাহলে সেটা বাস্তবসম্মত নয়।’
তিনি বলেন, বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে পরিচালিত হচ্ছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি।
জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতার ফল হিসেবেই ওই পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি আশা করেন। জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।