প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। বরং নীরব থাকার ঘোষণা দেওয়ার পরও তিনি আবারও বিভিন্ন মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, যেন তিনি আর তার বিরুদ্ধে কোনো মন্তব্য না করেন। বিনিময়ে পাটওয়ারীও তার বিরুদ্ধে কিছু বলবেন না বলে আশ্বাস দেন।
রাশেদ খাঁনের ভাষ্য, তিনি পাটওয়ারীকে জবাবে বলেন, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, পাটওয়ারী তখন জানান যে তিনি এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।
রাশেদ খাঁন আরও দাবি করেন, পরে রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী আবার ফোন করে তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করার হুমকি দেন। তার ভাষ্য অনুযায়ী, পাটওয়ারী অভিযোগ করেন যে তিনি নাহিদ ও আসিফের কাছ থেকে অর্থ নিয়েছেন এবং একটি ফ্ল্যাট কিনেছেন। এর জবাবে রাশেদ খাঁন বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তিনি কখনো কোনো অর্থ নেননি। নিজের সম্পর্কে যেসব তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে, সেগুলো প্রকাশ করারও আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, পাটওয়ারীর ফোন পাওয়ার পর তিনি ভেবেছিলেন, হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু পরদিনই তিনি আবারও আগের মতো বক্তব্য দিতে শুরু করেছেন বলে অভিযোগ করেন।
এর আগে বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দেন, তিনি আর কোনো বক্তব্য দেবেন না। নিজের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেছিলেন, তাকে কথা বলার কারণ দেখিয়ে হামলার শিকার হতে হয়েছে। তাই তিনি আপাতত নীরব থাকবেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
তবে রাশেদ খাঁনের এসব দাবি ও বক্তব্যের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।