সৌদি আরবের উচ্চাভিলাষী ‘জেদ্দা টাওয়ার’ প্রকল্পের নির্মাণকাজ আবারও গতি পেয়েছে। দীর্ঘ স্থবিরতার পর ভবনটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা টাওয়ারের উচ্চতা বর্তমানে ৪৩০ মিটারে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী ভবনটির চূড়ান্ত উচ্চতা হবে ১ হাজার মিটারের বেশি, যা সম্পন্ন হলে এটি বিশ্বের প্রথম এক কিলোমিটারের বেশি উচ্চতার ভবনে পরিণত হবে।
প্রকল্প পরিদর্শন শেষে সৌদি বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালেদ বিন তালাল জানান, নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। প্রকৌশলী ও নির্মাণকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং বিশ্বের সর্বোচ্চ টাওয়ার নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।
জেদ্দা টাওয়ারের নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। তবে আর্থিক সংকট ও ঠিকাদারি জটিলতার কারণে ২০১৮ সালে কাজ বন্ধ হয়ে যায়। কয়েক বছর বিরতির পর ২০২৫ সালে পুনরায় নির্মাণকাজ শুরু হয়।
প্রকল্পটি সম্পন্ন হলে এতে থাকবে বিলাসবহুল আবাসিক অ্যাপার্টমেন্ট, পাঁচ তারকা হোটেল, অফিস স্পেস এবং বিশ্বের অন্যতম উঁচু পর্যবেক্ষণ ডেক। এটি জেদ্দা ইকোনমিক সিটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বুর্জ খলিফা, যার উচ্চতা ৮২৮ মিটার। জেদ্দা টাওয়ারের উচ্চতা ১ হাজার মিটারের বেশি হলে এটি বুর্জ খলিফার রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়বে।
বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান অ্যাড্রিয়ান স্মিথ + গর্ডন গিল আর্কিটেকচার ভবনটির নকশা করেছে। কাঠামোগত নকশায় রয়েছে থর্টন টোমাসেট্টি এবং নির্মাণকাজে সৌদি বিনলাদিন গ্রুপসহ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।
বর্তমান অগ্রগতি অব্যাহত থাকলে ২০২৮ সালের মধ্যে জেদ্দা টাওয়ারের নির্মাণ শেষ হওয়ার আশা করা হচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?