রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
আজ সোমবার (০১ জুন) আনুমানিক রাত ০২:০০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোষ্টের একটি চৌকস টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গোলাবাড়ী’ নামক স্থানে তল্লাশি চালায় বিজিবি টহলদল। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩১,৫০০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১,১৩,৮০,৫০০/- (এক কোটি তেরো লক্ষ আশি হাজার পাঁচশত) টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এছাড়া জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক দ্রুত কাস্টমসে জমা অথবা ধ্বংস করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।