রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। সোমবার (২৪ আগস্ট) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আদর্শ গ্রাম সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ আগস্ট আনুমানিক রাত ৩টার দিকে ১০ বিজিবি’র অধীনস্থ আমানগন্ডা বিওপি’র একটি চৌকস টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
১০ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র কড়া নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।