আবু বক্কর সিদ্দিক কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের দুই যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার (১০ আগস্ট) ভোরে উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির বিশেষ টহল দল।
আটকরা হলেন—টেকনাফের কাটাখালী হাতীমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে জোড়াকাঠি এলাকায় অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দল। পরে মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের ৩৫ কার্টনে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।