মাত্র ১১২ টাকা ব্যয়ে সরকারি চাকরিতে নিয়োগ বর্তমান সরকারের স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত নিয়োগপ্রক্রিয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নবনিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সম্প্রতি নিয়োগ পাওয়া ১৮৮ জন কর্মচারীর প্রত্যেকের আবেদন থেকে যোগদান পর্যন্ত মোট ব্যয় হয়েছে মাত্র ১১২ টাকা। তিনি বলেন, এটি সরকারের স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগপ্রক্রিয়ার বাস্তব উদাহরণ।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে থেকে সেবা দেওয়ার জন্য দক্ষ ও সৎ জনবল গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যেও কাজ চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। তিনি নবনিয়োগপ্রাপ্ত কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।