সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে বাংলাদেশি আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মনোজ কুমার। পরে ডাকবাংলোয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সভায় বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডলসহ বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মনোজ কুমার বলেন, দুই দেশের আমদানিকারক, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকারও ভূমিকা রাখছে।
তিনি জানান, বাণিজ্য সম্প্রসারণ এবং হিলি স্থলবন্দর দিয়ে ট্রাক চলাচলের সংখ্যা বাড়ানোর বিষয়ে ভারতীয় রপ্তানিকারক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে প্রতিদিন ১২০ থেকে ১২২টি ট্রাক চলাচল করছে। এই সংখ্যা বাড়িয়ে ১৫০টি করার বিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে ভারতীয় ব্যবসায়ীদের বিভিন্ন জটিলতার কারণে গত ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সমস্যা সমাধানের পর পাঁচদিন বন্ধ থাকার শেষে শনিবার থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
আমদানি-রপ্তানি পুনরায় চালুর পর রবিবার হিলি বন্দর এলাকা সফরে আসেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও পারস্পরিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন।