সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে নতুন ওয়েজ বোর্ড নিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দেওয়া না গেলে ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। এ বিষয়ে সরকার নীতিগতভাবে একমত এবং দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ব্রিফিংয়ে সাংবাদিকদের জীবনযাত্রার ব্যয়, চাকরির অনিশ্চয়তা এবং অষ্টম ও নবম ওয়েজ বোর্ডের বিভিন্ন জটিলতার বিষয় তুলে ধরা হয়। নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা ইতিবাচক মনোভাবের কথা জানান।
এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতি তৈরির আশঙ্কা নেই বলেও জানান তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল না হলেও নিয়মিত ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতোমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছেছে। ফলে নতুন পে-স্কেলের কারণে বাজারে অর্থের প্রবাহ হঠাৎ বেড়ে মূল্যস্ফীতি দ্বিগুণ হওয়ার আশঙ্কা সঠিক নয়।
মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ দেশের ৪১ লাখ পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে প্রায় ২ কোটি প্রান্তিক মানুষ সরাসরি সুবিধা পাবেন।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।