সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা ও অব্যবস্থাপনার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনকল্যাণে উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে। সেই দফা হবে সরকারের পদত্যাগের দাবি।
গতকাল শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের চরম অদক্ষতা স্পষ্ট হয়ে উঠেছে। তার দাবি, জনগণের ৭০ শতাংশ গণরায় সরকার অমান্য করেছে। ফলে জনগণের প্রতি সরকারের আর কোনো আস্থা নেই।
সাম্প্রতিক সময়ে নিহত ওসমান হাদিসহ অন্যদের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ শহীদদের এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চ কর্মসূচির আয়োজন করেছে।