মেধাবী ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তায় সরকার ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে ৫০০ কোটি টাকার তহবিল রাখা হয়েছে। এই তহবিল থেকে একজন উদ্যোক্তাকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
তিনি বলেন, অনেক উদ্যোক্তার ভালো ধারণা থাকলেও ব্যাংকঋণের ক্ষেত্রে জামানত, কাগজপত্রসহ নানা জটিলতার মুখোমুখি হতে হয়। এ সমস্যা কমাতে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে, যেখানে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকছেন না। কমিটি উদ্যোক্তাদের প্রকল্প যাচাই করে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চান, যেসব উদ্যোক্তার ভালো স্টার্টআপ ধারণা আছে কিন্তু জামানত নেই, তাদের জন্য সহজ অর্থায়নের ব্যবস্থা কীভাবে করা হবে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরপেক্ষ কমিটি উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, এই অর্থ জনগণের অর্থ। তাই সম্ভাবনা ও কার্যকারিতা বিবেচনা করেই তা দেওয়া হবে। কোনো উদ্যোগ শুরুতে প্রত্যাশামতো সফল না হলেও সম্ভাবনা থাকলে ভবিষ্যতে পুনরায় সহায়তার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
আইসিটি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়ক হবে।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ ও বিভিন্ন সেবা সম্পর্কে এক জায়গা থেকে তথ্য পাওয়া যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।