ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্য ও এক শিশুর সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
ঘটনার একটি ভিডিও শেয়ার করে পরীমনি লেখেন, রাস্তায় কয়েকজনের চিৎকারের কাছে একটি শিশুর কান্নাও গুরুত্ব পায়নি। তিনি আক্রমণকারীদের উদ্দেশে তীব্র ভাষায় নিন্দা জানান।
জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন বাঁধন। এ সময় একদল ব্যক্তি তাকে ঘিরে গালিগালাজ ও হেনস্তা করতে থাকেন বলে অভিযোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে কটূক্তি করেন বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার সময় বাঁধনের সঙ্গে থাকা তার ভাইয়ের শিশু সন্তান আতঙ্কে কাঁদতে শুরু করে। তবে ওই ব্যক্তিদের আচরণ থামেনি বলে ভিডিওতে দেখা যায়।
পরে এক ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তার অভিযোগ, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। শরীরে কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারার পাশাপাশি টানাহেঁচড়ার সময় তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাঁধনের সক্রিয় ভূমিকার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির সমালোচনা করছেন অনেকেই।