ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বাঁধনের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘পুরো বাংলাদেশ আপনার সঙ্গে। আমরা আপনাকে নিয়ে গর্বিত।’
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে হামলাকারীদের কড়া সমালোচনা করেন সারজিস।
ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। অভিযোগ রয়েছে, এ সময় তার শরীরে কোক ও ডিম নিক্ষেপের পাশাপাশি তাকে শারীরিকভাবে আঘাত করা হয়।
ঘটনার একটি ভিডিওতে হামলাকারীদের বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তার ওপর চড়াও হতে দেখা যায়।
ঘটনার প্রতিক্রিয়ায় সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য বাঁধন লড়াই করেছেন। এ কারণে তাকে নিয়ে গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।
হামলাকারীদের উদ্দেশে কড়া ভাষায় সারজিস বলেন, বাঁধন তাদের ‘বাঙালি ভাই’ বলে সম্বোধন করলেও তারা বাঙালি ভাইয়ের চেয়ে বেশি ‘খুনিদের দালাল’ এবং বিবেকবোধ বিক্রি করে দেওয়া মানুষ।
সারজিসের দাবি, শেখ হাসিনার আমলে প্রায় দেড় হাজার মানুষ নিহত হওয়ার পরও এসব ব্যক্তি তার পক্ষে সাফাই গেয়েছেন। তাদের ‘মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেছে’ মন্তব্য করে তিনি বলেন, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করার সুযোগ নেই।
বাঁধনকে উদ্দেশ করে সারজিস আলম লেখেন, এ ঘটনায় তার কষ্ট পাওয়ার কিছু নেই। এমন ব্যক্তিদের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করারও সুযোগ নেই।
সবশেষে বাঁধনের পাশে থাকার বার্তা দিয়ে তিনি লেখেন, ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে। আমরা আপনাকে নিয়ে গর্বিত।’