দেশে মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড এবং সভা-সমাবেশ নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।
আলোচনায় রেজা আহাম্মেদ বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেখানে মানুষ নামাজ আদায় করবে এবং পবিত্র কোরআন তিলাওয়াত করবে। কিন্তু কিছু রাজনৈতিক দল মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে, যা বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন আইন করা উচিত যাতে কোনো মসজিদ বা মাদ্রাসায় রাজনৈতিক সভা কিংবা মিটিং আয়োজন করা না যায়।
রেজা আহাম্মেদ আরও বলেন, রাজনৈতিক দলগুলো যেমন খোলা মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান বা নির্ধারিত সভাস্থলে কর্মীসভা ও জনসভা আয়োজন করে, তেমনি রাজনৈতিক কার্যক্রমও সেসব স্থানেই সীমাবদ্ধ রাখা উচিত। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
তবে এ বিষয়ে সংসদের অন্য সদস্যরা কতটা একমত, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও বক্তব্যে উল্লেখ করেন।