‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন’—বিরোধী রাজনৈতিক শক্তির উদ্দেশে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছেন, তারা আবার ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন। দেশের জনগণই আপনাদের সঠিক বিচার করবে।’
বিরোধী শক্তির উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতেও বিভিন্ন সময়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে তিনি দাবি করেন।
দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, যেসব পরিবার স্বজন হারিয়েছে, প্রতিটি ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।
এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে নান্দাইল চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কের পাশের একটি যাত্রীছাউনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।