ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এর আগেও ঠাকুরগাঁও-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
দেলাওয়ার হোসেন জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই নির্বাচনে মির্জা ফখরুল ভোটারদের কাছে সেটিকে তার জীবনের শেষ নির্বাচন হিসেবে উল্লেখ করেছিলেন বলে দাবি করেন তিনি।
দেলাওয়ারের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং স্থানীয়ভাবে মির্জা ফখরুলের প্রতি মানুষের শ্রদ্ধার কারণে অনেক ভোটার তাকে সমর্থন করেছিলেন। তবে এবারের উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা তাকে সমর্থন দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ আগস্ট থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।