দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো, সৎ ও মেধাবী মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তথ্যমন্ত্রী বলেন, ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারলে উন্নয়ন নিয়ে যত স্বপ্নই দেখা হোক, তা টেকসই হবে না। মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে হলে ভালো মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে অনাস্থাও তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও এখন রাজনীতিতে আসতে চান না।
রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব বোঝাতে আন্দালিভ রহমান বলেন, ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার তৈরি হয় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফলও দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।
বরিশালের রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ফুটবল থেকে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত বরিশাল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।
তথ্যমন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। বরিশালের বিভিন্ন জেলা ও নির্বাচনি এলাকা থেকে মেধাবী ও ভালো তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, পরবর্তী প্রজন্মের জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে কোনো উন্নয়নই টেকসই হবে না। এ সংকট শুধু বরিশালের নয়, পুরো বাংলাদেশের।
আন্দালিভ রহমান বলেন, অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের অংশ। তবে দেশের এখন প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেটি নিশ্চিত করতে ভালো মানুষকে নেতৃত্বে আসতে হবে।
বর্তমানে যারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ তৈরি করা বলেও মন্তব্য করেন তিনি। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ করার ওপর গুরুত্ব দেন তথ্যমন্ত্রী।
শেরেবাংলা এ কে ফজলুল হকসহ বরিশাল থেকে উঠে আসা বিশিষ্ট নেতাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ অঞ্চল থেকে যোগ্য ও ভালো নেতৃত্ব সামনে আসতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, তরুণরা ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি বিদেশেও যেতে পারেন। তবে দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করেন, সেটিই দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে।