সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার মাঠপাড়া এলাকার তরুণী রাইসা আক্তার তারার সঙ্গে প্রেমের সম্পর্কের পর বাংলাদেশে এসে তাকে বিয়ে করেছেন চীনের এক যুবক। পংফং (৩৭) নামের ওই যুবক গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন মোহাম্মদ আলী।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রেমিকা রাইসার বাড়িতে আসেন পংফং। পংফং চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। তিনি গার্মেন্টস পণ্যের বায়ার হিসেবে কাজ করেন। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং।
রাইসা আক্তার হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। রাইসার ভাষ্য অনুযায়ী, ঢাকায় চাকরির সুবাদে পংফংয়ের চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে চীনে গিয়ে বিয়ে করার ইচ্ছার কথা জানালে ওই ব্যক্তি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন। এরপর মোবাইল ফোনে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
রাইসা বলেন, তিনি পংফংকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। তাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ আলী রাখেন। এরপর তারা বিয়ে করেন।
রাইসার ভাষ্য, তাদের বিয়েতে তার পরিবার ও স্থানীয়রা খুশি।
রাইসার নানা বাদল বলেন, রাইসা ঢাকায় থাকেন। সেখানেই চীনা ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। দুজনের পছন্দের পর পংফং বাংলাদেশে এসে রাইসাকে বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে আসেন। এতে পরিবারের সবাই আনন্দিত।