রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঘটনাটিকে ‘ক্ষমতার গরমের আঁচ’ বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ডা. শফিকুর রহমান বলেন, মধ্যরাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট চালায়। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়।’
তার অভিযোগ, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার একটি সুযোগ ধ্বংস করে দিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন করেন, ‘আর কত দিন এ ধরনের খেলা চলবে?’
ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে জনমনে আরও ক্ষোভ তৈরি হবে।