মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি জামায়াত নেতা খিজির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বড়লেখা বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে তৎকালীন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বড়লেখায় সংঘটিত সহিংস ঘটনার পর দায়ের করা একটি হত্যা মামলায় খিজির আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় জামায়াত ও ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীকেও আসামি করা হয়েছিল।
খিজির আহমদের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে ব্যবসার সঙ্গে জড়িত এবং মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার স্বজনরা অভিযোগ করেন, ১৩ বছর আগের একটি মামলার পরোয়ানা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় জামায়াত নেতারাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের গ্রেপ্তার অনাকাঙ্ক্ষিত।
তবে বড়লেখা থানার পুলিশ জানিয়েছে, আদালতের জারি করা বৈধ গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।