মোঃ মিরাজ হোসাইন, ভোলাঃ
ভোলার দৌলতখানে মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাশেম ও তার স্ত্রী রাজিয়া বেগম।
গত শুক্রবার রাতে নিহত মমতাজ (রাসু’র) বেগমের মেয়ে রুবিনা বেগম বাদি হয়ে দৌলতখান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মো. কাশেম, তার স্ত্রী রাজিয়া বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে আছমা বেগম এবং তার মেয়ের জামাই মাকসুদকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছেন।
শুক্রবার সকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে মমতাজ বেগম (রাসু’র) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মমতাজ (রাসু) বেগম ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, ওই ঘটনায় নিহতের পরিবার পাঁচজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন এবং দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তবে তাদেরকেও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
এছাড়াও তিনি আরও বলেন, এ ঘটনায় মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও হত্যার সাথে কারা জড়িত এটা নিশ্চিতভাবে জানা যাবে।