মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কান্দাবাড়ি ও সরিষাবন এলাকার নদী তীরবর্তী অঞ্চলে চলমান ভয়াবহ নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। রবিবার (৭ জুন ২০২৬) তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙনকবলিত মানুষের দুর্দশার চিত্র প্রত্যক্ষ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে দিঘীরপাড় ইউনিয়নের কান্দাবাড়ি ও সরিষাবন এলাকায় নদীভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতভিটা, কৃষিজমি, গ্রামীণ সড়ক ও বিভিন্ন স্থাপনা। প্রতিদিন নদীর তীর ধসে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি স্থানীয়দের অভিযোগ, দাবি ও প্রত্যাশার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। এসময় এলাকাবাসী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, নদীশাসন কার্যক্রম গ্রহণ এবং ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
জেলা প্রশাসক বলেন, নদীভাঙন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক সমস্যা। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে। ভাঙন পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহের সঙ্গে সমন্বয় করা হবে।
তিনি আরও জানান, নদীভাঙনের বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পাশাপাশি পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শনে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের মাধ্যমে তাদের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে।
উল্লেখ্য, দিঘীরপাড় ইউনিয়নের কান্দাবাড়ি ও সরিষাবন এলাকা দীর্ঘদিন ধরেই নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ফলে এলাকাবাসী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানিয়েছেন।