মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী তরুণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবোধসম্পন্ন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে খেলাধুলামুখী করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। মাঠের উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।