মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সংযোগ সড়কের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ বাসটি। মাওয়া সংযোগ সড়কের ঢালে পৌঁছানোর পর অতিরিক্ত ও বেপরোয়া গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বাসের ভেতর থেকে আটকে পড়া আহত যাত্রীদের বের করে আনা হয়।
আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। এতে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে পড়ে থাকা বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে যান চলাচলও স্বাভাবিক করা সম্ভব হয়েছে।