মোঃ আতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজনই অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পূবাইল থানার হায়দ্রাবাদ এলাকার মহিউদ্দিন (৪২), তার পিতা মৃত আব্দুল কাশেম ও মাতা জলেখা বেগম; একই এলাকার জামাল হোসেন (৪৫), তার পিতা মৃত আব্দুল মালেক ও মাতা মৃত জহুরা খাতুন; এবং যশোর সদর থানার ভেকুটিয়া এলাকার আব্দুল সালাম (৫০), তার পিতা আব্দুল সামাদ ও মাতা খোদেজা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ধীরাশ্রম এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর ধীরাশ্রম এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।