মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে চিকিৎসক না হয়েও রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রামগড় বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় বাজারের জিরো পয়েন্ট এলাকায় মা মেডিকেলের মালিক শংকর দেবনাথ চিকিৎসক না হয়েও নিয়মিত রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে আমিন মেডিকেলের রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা এবং জাহাঙ্গীর মেডিকেলের বাদল চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনজনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসক হিসেবে চেম্বার না করা এবং রোগীদের ব্যবস্থাপত্র না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত।
তিনি বলেন, ‘চিকিৎসক না হয়েও দিনের পর দিন কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ফার্মেসিতে চেম্বার করে আসছিলেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(২) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে অর্থদণ্ড দিয়ে সতর্ক করা হয়েছে। উপজেলায় যারা মেডিকেল ও ডেন্টাল আইন উপেক্ষা করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে অভিযান চলবে।’
অভিযানকালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ বিন আবু তৈয়ব, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।