মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে রাতের আঁধারে মশাল ও লাঠিসোঁটা নিয়ে একদল অজ্ঞাত লোকের অবস্থানের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৩২টি মশাল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বরইতলা সংলগ্ন এশিয়ান বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, রাতে ৮ থেকে ১০টি প্রাইভেটকার ও ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে অজ্ঞাত একদল লোক উলুখোলা বরইতলা এলাকায় এসে অবস্থান নেয়। তাদের কাছে লাঠিসোঁটা ও মশাল তৈরির বিভিন্ন সরঞ্জাম ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘাত এড়াতে নাগরী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতি টের পেয়ে ওই লোকজন দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।
নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার ও সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান আকন্দ জানান, খবর পাওয়ার পরপরই এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মশাল ও মোটরসাইকেল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তারা।
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের কাছ থেকে হস্তান্তর করা ৩২টি মশাল ও একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।