সাইফুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) :
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা ছড়িয়েছে দলীয় মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আজ রবিবার দুপুর সাড়ে ১১টায়।
পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার।
বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি হাজী হুমায়ুন। মনোনয়নপত্র সংগ্রহের মুহূর্তটিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘদিন পর নির্বাচনী মাঠে এমন প্রাণচাঞ্চল্য দেখে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। তারা জানান এবিএম মোশাররফ হোসেনকে সামনে রেখে ঐক্যবদ্ধ ও শক্তিশালীভাবে মাঠে নামতেই শুরু করেছেন নির্বাচনী কার্যক্রম।
নেতাকর্মীদের আশা, আসন্ন নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি এবার পুনরায় শক্ত অবস্থান তৈরিতে সক্ষম হবে।